Published : 21 Jul 2025, 08:11 PM
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগের জন্য শুধু ৫৩ জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করায় আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মাহদী জামান ও মশিউর রহমান এই নোটিস পাঠিয়েছেন।
নোটিসে আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সচিবকে বিবাদী করা হয়েছে।
১৮ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপযেন্টমেন্ট কাউন্সিল মৌখিক পরীক্ষা নিয়েছে।
হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগে ২৮ মে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই প্রথম গণবিজ্ঞপ্তির দিয়ে উচ্চ আদালতে বিচারপতি নিয়ো করা হচ্ছে।
আইনজীবী মাহদী জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৌখিক পরীক্ষায় ৫৩ জন ছাড়া বাকিদের কেন ডাকা হল না তা জানতে চাই আমরা।”
আইনি নোটিসে বলা হয়, গণবিজ্ঞপ্তির শর্ত পূরণ করে ৩০০ জনের বেশি দরখাস্ত করলেও কেবলমাত্র ৫৩ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে, যা ‘রহস্যজনক ও বৈষম্যমূলক’।
শুধুমাত্র ৫৩ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা এবং বাকিদের না ডাকা সংবিধানের সমতার বিধান ও সমান সুযোগের বিধানের সাথে ‘সংঘর্ষিক’ বলেও মন্তব্য করা হয়।
অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের একজন সদস্যের স্ত্রী মৌখিক পরীক্ষা দিয়েছেন তুলে ধরে এটিকে স্বার্থের দ্বন্দ্ব দোষে দুষ্ট বলে নোটিসে দাবি করা হয়েছে।
এতে বলা হয়, “পতিত স্বৈরাচারের দোসরদের কোন বিবেচনায় ডাকা হয়েছে তা অজানা। পুরো বিষয়টি ২০২৪ সালের বিপ্লবের স্পিরিটের সাথে সাংঘর্ষিক।”
নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে বিচারপতি নিয়োগের জন্য সকল আবেদনকারীর মৌখিক পরীক্ষা গ্রহণে অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনগত প্রতিকার পাওয়ার জন্য যথাযথ আদালতের শরণাপন্ন হবে বলে নোটিসে জানানো হয়।
চলতি বছরের ২১ জানুয়ারি সুপ্রিম কোর্টে স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগের বিধান রেখে অধ্যাদেশ জারি হয়েছে; যার মধ্য দিয়ে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিষয়টি সরকারের নির্বাহী বিভাগের সরাসরি নিয়ন্ত্রণমুক্ত হল।
‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ শীর্ষক এ অধ্যাদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তি বাছাই ও সুপারিশ করার জন্য একটি স্থায়ী কাউন্সিল থাকবে, যার নাম হবে ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’। প্রধান বিচারপতি হবেন সাত সদস্যের এই কাউন্সিলের চেয়ারপারসন।