০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চলন্ত বাইকের চালককে ইটের আঘাত, গ্রেপ্তার ১

ব্যবসা নিয়ে বাইক চালক রাফির সঙ্গে হামলাকারীদের বিরোধ ছিল, গ্রেপ্তার ব্যক্তির বরাতে বলেছে র‌্যাব।

চলন্ত বাইকের চালককে ইটের আঘাত, গ্রেপ্তার ১
ছবি: ভিডিও থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2026, 01:19 AM

Updated : 11 Sep 2026, 03:23 PM

ঢাকার কাফরুলে চলন্ত অবস্থায় মোটরসাইকেল চালকের মাথায় ইট দিয়ে আঘাত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফয়সাল ওরফে কালু (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব বলেছে, সম্প্রতি ‘চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাই’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর র‌্যাব-৪ এর সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় কাফরুল থানা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে র‌্যাব বলেছে, ব্যবসা নিয়ে মোটরসাইকেল চালক রাফির সঙ্গে হামলাকারীদের বিরোধ ছিল। কয়েক দিন আগেও এনিয়ে কথা কাটাকাটি হয়। 

“ঘটনার দিন (মঙ্গলবার রাতে) রাফি একা বাইক চালিয়ে যাচ্ছিলেন। রাস্তায় কালু ও পারভেজসহ তার সহযোগীরা আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা আটকাতে যায়। কালু তাকে আটকাতে ব্যর্থ হলে একটু সামনে অবস্থান করা পারভেজ বড় ইটের টুকরা দিয়ে মাথায় আঘাত করে। এতে বাইক চালক পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। পরবর্তীতে অভিযুক্তরা বাইকারকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় এবং গত রাতে তার অস্ত্রোপচার হয়েছে।”

র‌্যাব বলেছে, মঙ্গলবার গভীর রাতে কাফরুল থানার পুলিশ পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে।