১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলস্টোন ট্র্যাজেডি: ৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

বিধ্বস্ত মিানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ নয়জনের মরদেহ এখন সিএমএইচে আছে।

মাইলস্টোন ট্র্যাজেডি: ৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ছবি: আব্দুল্লাহ আল মমীন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 02:01 AM

Updated : 26 Aug 2026, 01:25 PM

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে আটজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) নুরুজ্জামান সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " তাদের মধ্যে ৫ জন মেয়ে শিক্ষার্থী, ২ জন ছেলে শিক্ষার্থী এবং একজন অভিভাবক।"

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর রাতে এক বিবৃতিতে ওই আটজনের পরিচয় প্রকাশ করেছে। 

এরা হলেন–  ফাতেমা আক্তার (৯), সামিউল করিম (৯), মেহনাজ আফরিন হুরায়রা (৯), শারিয়া আক্তার (১৩),  নুসরাত জাহান আনিকা (১০), সাদ সালাউদ্দিন (৯) সায়মা আক্তার (৯) এবং রজনী ইসলাম (৩৭)।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেন, "ময়নাতদন্ত ছাড়াই পরিবার লাশ চাইলে সুরতহাল করার পরে আমরা মরদেহগুলো দিয়ে দিই।"

এদিন দুপুরে মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমান বাহিনীর এটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়। ওই ভবনে তখন বাচ্চাদের ক্লাস চলছিল।

উদ্ধার অভিযান শেষে বিকালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ১৯ জনের লাশ উদ্ধারের কথা জানানো হয়। আইএসপিআর পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলটসহ ২০ জনের মৃত্যুর তথ্য দেয়।

তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান রাতে ১৭ জনের মৃত্যুর তথ্য দেন। সংখ্যায় কিছুটা তারতম্যের কারণ হিসেবে তিনি ‘সমন্বয়’ করতে কিছুটা সময় লাগার কথা বলেন।

তুরাগ থানার পরিদর্শক নুরুজ্জামান বলেন, ৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর বিধ্বস্ত মিানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ নয়জনের মরদেহ এখন সিএমএইচে আছে। 

তিনি বলেন, “পাইলট ছাড়া অন্যদের মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না। এরা শিক্ষার্থী না অন্য কেউ ডিএনএন ছাড়া পরিচয় শনাক্ত করা কঠিন।”

মোট ২০ জনের মৃত্যুর কথা বলা হলেও বাকি তিনজনের মরদেহ কোথায় আছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান।