Published : 21 Nov 2025, 03:39 PM
রাজধানীর কাজীপাড়া স্টেশনের কাছে মেট্রোলাইনের উপর থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
শুক্রবার সকালে সেখানে অবিস্ফোরিত হাতবোমা দুটো পাওয়া যায়। এরপর ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে সেগুলো নিরাপদে অপসারণ করে।
বোম্ব ডিসপোজাল ইউনিটের একজন কর্মকর্তার ধারণা, হাতবোমা দুটো সেখানে ছুঁড়ে মারা হয়েছিল, কিন্তু বিস্ফোরণ হয়নি।
শুক্রবার দিনের প্রথমভাগে মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় কোনো অঘটন ঘটেনি বলে জানাচ্ছেন কর্মকর্তারা।
মেট্রোরেল পুলিশের পরিদর্শক সোহেল চৌধুরী বলছেন, কাজীপাড়া এলাকায় ২৮৮ ও ২৮৯ নম্বর পিয়ারের মাঝামাঝি ফ্ল্যাটলাইনে দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। সকাল বেলায় পরিষ্কার করার সময় সকাল সাড়ে ৮টার দিকে ক্লিনাররা সেটা দেখতে পেয়ে খবর দেয়। এরপর পুলিশকে জানানো হয়। বেলা ১২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো অপসারণ করে।
পরিদর্শক সোহেল চৌধুরীর ধারণা, আশপাশের কোনো উঁচু ভবন থেকে সেগুলো ছোঁড়া হয়েছে।