Published : 25 Aug 2026, 06:45 PM
বাংলাদেশের আইন ও বিচার সংস্কার, সংবিধান সংশোধনসহ সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতায় আগ্রহ দেখিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎকালে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেস এ আগ্রহ ব্যক্ত করেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, “আমরা বর্তমান সরকারের লক্ষ্য, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে চাই।”
সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি মনোনীত হওয়ায় মন্ত্রীকে অভিনন্দন জানান স্টিফেন রড্রিগেস।
তিনি বলেন, “সভাপতির দায়িত্ব পাওয়ায় জেনে আমরা আনন্দিত। আপনি চাইলে আমরা এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে আগ্রহী।”
স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনডিপির ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও বাড়ানোর জন্য আহ্বান জানান।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জন্য ইউএনডিপির সহায়তার কথা তুলে ধরে সংস্থার আবাসিক প্রতিনিধি বলেন, “ক্যাম্প এলাকায় পরিবেশ সুরক্ষা (যেমন-পাহাড় ধস প্রতিরোধ) এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পের অভ্যন্তরীণ জীবনযাত্রার মান উন্নয়নে ইউএনডিপি কাজ করে যাচ্ছে।”
এ সময় মন্ত্রী বলেন, “আমরা রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান অবকাঠামোর যথোপযুক্ত উন্নয়ন ও আধুনিকায়ন চাই, তবে বৃহত্তর স্বার্থে সেখানে নতুন করে কোনো অবকাঠামো নির্মাণ করতে চাই না।”
তথ্যপ্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি।
মন্ত্রী এ বিষয়ে বলেন, “সাইবার সুরক্ষা আইন ইতোমধ্যে পাস হয়েছে। আপনারা এ আইনের সফল বাস্তবায়নে লজিস্টিক সহায়তা প্রদান করতে পারেন।”
প্রস্তাবিত মানবাধিকার কমিশন আইন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬ এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং জাতীয় সংসদের আগামী অধিবেশনে এটি পাস হবে বলে আশা করা যাচ্ছে।”
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা না ঘটনার কথাও বলেছেন সালাহউদ্দিন আহমদ।
এ সময় নিজের গুম হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬ এর খসড়াও মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন লাভ করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সঠিক ভাবমূর্তি তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করে স্টিফেন রড্রিগেস বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম সবসময় বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরে না।
তিনি বলেন, “বাংলাদেশ একটি উদার ও ধর্মীয় সহনশীল দেশ। ইউএনডিপি এ ইতিবাচক ভাবমূর্তি বাস্তবায়নেও কাজ করতে আগ্রহী।”
সাক্ষাৎকালে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান ও ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যান্ড পার্টনারশিপ সাপোর্ট স্পেশালিস্ট সাইফ ইসলাম উপস্থিত ছিলেন।