Published : 17 Sep 2025, 12:30 PM
চার দফা দাবিতে আবারও রাস্তায় নেমেছেন পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষার্থীরা; তাদের অবরোধের কারণে ঢাকার সাতরাস্তা মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের পুলিশের উপকমিশনার ইবনে মিজান বলেন,
“হাজার খানেক শিক্ষার্থী রাস্তায় অবস্থান নিয়েছে। তাদের সাথে আলোচনা চলছে। চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।"
তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া বলেন, "সাতরাস্তার মঝে অবস্থান নেওয়ার কারণে চারদিকের রাস্তা বন্ধ হয়ে গেছে। এর প্রভাব আশেপাশে পড়েছে। আমরা যানবাহন ডাইভারশনের চেষ্টা করছি।"

শিক্ষার্থীদের দাবিগুলো হল–
>> প্রকৌশল অধিকার আন্দোলন থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের ‘প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি’ প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
>> বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা।
>> কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।
>>ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।
এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা সাতরাস্তা মোড়ে এসে সমাবেশ করেন এবং নিজেদের দাবির পক্ষে স্লোগান দেয়। তাতে প্রায় আধা ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়।
এই চার দফা দাবিতে রাজশাহী ও দিনাজপুরেও বুধবার সড়ক ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
এর আগে গত এপ্রিল মাসে ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নেমেছিলেন পলিটেকনিক ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষার ছাত্ররা। সে সময় সরকারের আশ্বাসে পরিসিন্থতি শান্ত হলেও এখন তারা আবার রাস্তায় নেমেছেন।