Published : 19 May 2026, 07:07 PM
জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার শুনানি নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য দিয়েছেন।
আদালতে আতিকের পক্ষে আইনজীবী মো. সোহাগ হাসান শুনানি করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র আন্দোলনের সময় রাকিব হাসান সেন্ট জোসেফ স্কুলের সামনে গুলিবিদ্ধ হয়। ওইদিন রাতে শেরেবাংলা নগরে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে সে মারা যায়।
সে ঘটনায় গত বছরের ২২ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন রাকিবের চাচা নুরুল আমিন। মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।