আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পদত্যাগ
“বিভিন্ন দাবিতে সবাই ক্ষিপ্ত ছিলেন স্যারের ওপর; সে কারণে আমরা উনার পদত্যাগ চেয়েছি,” বলেন একজন কর্মকর্তা।
ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের মধ্যে আবহাওয়া অধিপ্তরের পরিচালক আজিজুর রহমানও দায়িত্ব ছাড়লেন।
সোমবার নিজের অফিসে সহকর্মীদের দাবি ও বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেন বলে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান।
পরে প্রতিরক্ষা বিভাগের পাঠানো এক চিঠিতে বলা হয়, স্বেচ্ছায় পদত্যাগপত্র পেশ করেছেন আজিজুর রহমান। তার পদত্যাগপত্র গ্রহণও করা হয়েছে।
গণআন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থগিত পদোন্নতি, নিয়োগ চালু ও হয়রানিমূলক বদলি বন্ধসহ নয় দাবিতে মানববন্ধন করছিলেন আবহাওয়া কর্মকর্তা-কর্মচারীরা। অধিদপ্তরের পরিচালকের পদত্যাগও তারা দাবি করেন।
একজন আবহাওয়াবিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বারবার বলার পরও দাবিগুলো মানার ব্যাপারে তিনি কালক্ষেপণ করছিলেন; এজন্য সবাই ক্ষিপ্ত হয়েছিলেন স্যারের ওপরে। এসব কারণে আমরা উনার পদত্যাগ চেয়েছি।”
পদত্যাগের বিষয়ে আজিজুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
