০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে নারীর মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে যুবক

মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা সোমার হাতব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় আছড়ে পড়েন; পরে হাসপাতালে মারা যান।

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে নারীর মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে যুবক
সোহেলী ইসলাম সোমা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 08:36 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

রাজধানীতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে সড়কে পড়ে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের বিক্রয় কর্মকর্তা সোহেলী ইসলাম সোমার মৃত্যুর মামলায় গ্রেপ্তার যুবককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আবির হোসেন নয়ন নামে ওই যুবককে তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর বুধবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম তথ্য দিয়েছেন।

দিনাজপুরের পার্বতীপুরে ঈদের ছুটি কাটিয়ে কলেজপড়ুয়া মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন সোমা। গত ৭ জুন ভোরে বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশায় চেপে সেন্ট্রাল রোডের বাসায় ফিরছিলেন মা-মেয়ে। পথে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা সোমার হাতব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় আছড়ে পড়েন, তার মাথা ঠুকে যায় সড়ক বিভাজকের সঙ্গে।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১১ জুন সকালে সোমা মারা যান।

এ ঘটনায় সোমার মামা নাজমুল মওলা লিটন ১৩ জুন মামলা করেন। তার পরই নয়নকে গ্রেপ্তার করে পুলিশ। ১৪ জুন নয়নের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই রিমান্ড শেষে বুধবার নয়নকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মিরাজুল ইসলাম।

নয়নের আইনজীবী এসএম মনিরুজ্জামান (তারেক) জামিনের আবেদন করেন। তবে বৃহস্পতিবার শুনানি করতে চাওয়ার কথা তিনি আদালতকে বলেন। বিচারক তখন আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করেন।