Published : 30 Apr 2026, 09:42 PM
ভারত থেকে বাংলাদেশ ঠেলে পাঠানো ব্যক্তিদের নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ‘অবমাননাকর’ মন্তব্যের প্রতিবাদ জানাতে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে তলব করেছে সরকার।
বৃহস্পতিবার বিকালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এই প্রতিবাদ জানান মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের প্রধান ইশরাত জাহান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊধ্বর্তন কর্মকর্তা বলেছেন, কথিত ‘পুশব্যাক’ করা ব্যক্তিদের ‘বাংলাদেশি’ অভিহিত করে যে মন্তব্য আসামের মুখ্যমন্ত্রী করেছেন, তার প্রতিবাদ জানানো হয়েছে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে।
এ ধরনের মন্তব্য দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য যে ‘অবমাননাকর’, তা ভারতীয় দূতের কাছে তুলে ধরার কথা বলেছেন ওই কর্মকর্তা।
বাংলাদেশের দিকে ২০ ব্যক্তিকে ঠেলে পাঠানোর বিষয়ে ২৬ এপ্রিল মাইক্রোব্লগিং সাইট এক্স-এ একটি পোস্ট দেন হিমন্ত শর্মা। অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা পেতে বাংলাদেশবিদ্বেষী বক্তব্যের জন্য পরিচিতি রয়েছে এই বিজেপি নেতার।
ঠেলে পাঠানো ওই ব্যক্তিদের দুটি ছবি দিয়ে হিন্দি প্রবাদ ‘লাতোঁ কে ভূত বাতোঁ সে নেহি মানতে’ দিয়ে তার পোস্টটি শুরু হয়। ‘যেমন কুকুর তেমন মুগুর’-এর মত প্রবাদের আক্ষরিক অর্থ দাঁড়ায়, ‘লাথির যোগ্য ভূত কথা শোনে না’।
এরপর আসামের মুখ্যমন্ত্রী লেখেন, “যেসব অনুপ্রবেশকারী স্বেচ্ছায় যেতে চায় না, তাদেরকে বহিষ্কার করার সময় আমরা এই দৈববাণী সবসময় মনে রাখি।
“যেমনিভাবে এই ২০ জন অবৈধ বাংলাদেশিকে গতরাতে পুশব্যাক করা হয়েছে। লড়াই চালাবে আসাম, পুশব্যাক চলতে থাকবে।”