১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মানহানিকর পোস্ট’, গ্রেপ্তার ৪

ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে চারজনকে গ্রেপ্তারের পর দুইজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 01:19 AM

Updated : 11 Sep 2026, 03:35 PM

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মানহানিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মামুন লস্কার সরকার, ওমর ফারুক রবিন ওরফে রবিন তাজ, জয়নাল আবেদীন মানিক ও হেলাল উদ্দিন। তাদের মধ্যে মানিক ও হেলাল বর্তমানে রিমান্ডে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গত ২ জুলাই প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা নূর মোহাম্মদ গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়। 

গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, “ওই মামলায় ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। মামলার রাতেই মামুন ও রবিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়।

“শনিবার অন্য দুইজনকে গ্রেপ্তার করে রোববার আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়। আদালত মানিককে চার দিনের ও হেলালকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয়। পরে মামুন ও রবিনকেও রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”

এই ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, মামলায় জুয়েল রানা নামে আরেকজনকে রয়েছে, যে পলাতক।

মামলায় বলা হয়েছে, জয়নাল আবেদিন মানিকসহ চারজন তাদের ফেইসবুক আইডি, গ্রুপ, পেইজ এবং টেলিগ্রাম চ্যানেল থেকে প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর নামে ‘মিথ্যা, অশ্লীল ও মানহানিকার’ পোস্ট করে। পরে পোস্টগুলো আরো ছড়িয়ে দেওয়া হয়। 

এ ব্যাপারে মামলার বাদী নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।