Published : 23 Nov 2025, 11:16 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বাচউয়ির সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির প্রতিনিধিরা, সেখানে তারা বিভিন্ন বিষয়ে ‘নালিশ’ করেছেন।
রোববার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক হয়েছে বলে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠপর্যায়ের অবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং আর্ন্তজাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনি প্রক্রিয়া।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি সারছে নির্বাচন কমিশন। একইদিন গণভোট আয়োজনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রস্তুতির ধারাবাহিকতায় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন, যেখানে জাতীয় পার্টিকে ডাকা হয়নি।
তার আগে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ বিষয়ে ঐকমত্যে পৌঁছতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে জাতীয় ঐকমত্য কমিশন, সেখানেও দলটিকে ডাকা হয়নি।
কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে জাতীয় পার্টির বৈঠকে এসব বিষয়েও এসেছে।
দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, “একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করছে না অন্তবর্তীকালীন সরকার। ঐক্যমত কমিশন এবং নির্বাচন কমিশনের বৈঠকে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় নাই।”
বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন, দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, মইনুর রাব্বি চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর মো. মাহফুজুর রহমান ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম।
কমনওয়েলথ এর পক্ষে আরও ছিলেন সংস্থার আইনি উপদেষ্টা দিনুষা পন্ডিত রত্ন, সহকারী গবেষণা কর্মকর্তা সার্থক রায়।