Published : 12 May 2026, 09:37 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কটূক্তি ও আপত্তিকর পোস্ট’ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাদের চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো কোনো শিক্ষক সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন কিংবা পোস্ট শেয়ার করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
“তারা এটা করতে পারেন না। কারণ সরকারি কর্মচারী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে তাদের একটা নির্দেশনা অনুসরণ করতে হয়। এ ধরনের শিক্ষকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিশু কল্যাণ ট্রাস্টকে।”
মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য। নির্দেশিকা অমান্য করা সরকারি চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী এটি অসদাচরণের পর্যায়ের অপরাধ হিসেবে বিবেচিত হবে।