তিন সচিবকে সরাল সরকার
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সচিব পর্যায়ে এটিই বড় বদলি।
নতুন সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে তিন সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবদের পৃথক আদেশে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর সচিব পর্যায়ে এটিই বড় বদলি। তবে এখনও নতুন কাউকে এসব দায়িত্বে দেওয়া হয়নি।
দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া সচিবরা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ আদেশের আগে প্রশাসনের শীর্ষ দুই পদ মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ এসেছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটে জিতে নিরঙ্কুশ আসন পেয়ে ক্ষমতায় আসে বিএনপি সরকার। এরপর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর নতুনত্বের হাওয়া লাগে বিভিন্ন দপ্তরে। এরইমধ্যে সামরিক-বেসামরিক এবং প্রশাসনের বিভিন্ন পদে রদবদল শুরু হয়েছে।
এর অংশ হিসেবে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটির পদে বদল এসেছে।
এদিন ছয়টি সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
আগের দিন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই প্রধান পদে এসেছে নতুন মুখ।
রোববার পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
