২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গুরুত্বপূর্ণ মামলার শুনানি সরাসরি সম্প্রচার প্রশ্নে হাই কোর্টের রুল

পাঁচ আইনজীবী ও ছয় শিক্ষার্থী রিট আবেদনটি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 03:16 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

উচ্চ আদালতের জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিকভাবে তাৎপর্যপূর্ণ মামলার শুনানি কেন সরাসরি সম্প্রচার করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। 

এ বিষয়ে পাঁচ আইনজীবীসহ ১১ জনের করা একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। 

রিট আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন, মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন মোহাম্মদ সাদ্দাম হোসেন। 

আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, আদালত চার সপ্তাহের মধ্যে মামলার বিবাদী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলেছে। 

পরবর্তী আদেশের জন্য ২৬ জুন দিন রেখেছে আদালত।

২৭ জানুয়ারি হাই কোর্টে এই রিট আবেদন করা হয়।

রিট আবেদনকারীরা হলেন,  সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, মিজানুন হক, আব্দুল্লাহ সাদিক, আমিনুল ইসলাম শাকিল, জজ কোর্টের আইনজীবী জায়েদ বিন আমজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাহনেওয়াজ সাকিব, মাহমুদুল হাসান, সাব্বির হাসান, হাবিবুর রহমান আল হাসান, রাফিউর রাব্বি ও শামিম শাহিদি।