১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2025, 05:23 PM

Updated : 26 Aug 2026, 12:33 PM

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক হামিদুল হক ও তার স্ত্রী নূছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এদিন আবেদন করেন দুদকের উপপরিচালক আজিজুল হক ।

এতে বলা হয়, হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। হামিদুল সস্ত্রীক দেশ ছেড়ে পালাতে পারেন বলে দুদক জেনেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার।

১৯৭০ সালে কক্সবাজারে জন্মগ্রহণ করা হামিদুল হক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন ১৯৮৮ সালে। প্রশিক্ষণ শেষে ১৯৯০ সালের ২২ জুন সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি কোরে তিনি কমিশন পান।

মেজর জেনারেল হামিদুল হক সর্বশেষ সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং সিলেটের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৯৯ কম্পোজিট ব্রিগেড এবং পার্বত্য চট্টগ্রামে ২০৩ ইনফ্যান্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন তিনি।

এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজের কলেজ সেক্রেটারি এবং কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

যুবলীগ নেতাসহ তিনজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ থাকায় ক্যান্টনমেন্ট থানা যুবলীগ নেতা আব্বাস উদ্দীন, তার স্ত্রী নুরুন নাহার, সহযোগী নাজিম উদ্দিন ভূঁইয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে একই আদালত।

দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

এতে বলা হয়, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ‘ক্যাডার’ আব্বাস উদ্দিন ও নাজিম উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসা করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ অভিযোগ অনুসন্ধানকালে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।