Published : 01 Jun 2026, 08:44 PM
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পরীক্ষার্থীদের আরও দুই দিন সময় দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
গত ১ থেকে ৯ মার্চ পর্যন্ত স্বাভাবিক ফি দিয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ ছিল। পরে ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৯ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে আগামী ১৫ ও ১৬ জুন ফরম পূরণের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।
নির্ধারিত সময় শেষে দুই দফা সময় বাড়ানোর পরও প্রাইভেটে পরীক্ষার্থীদের অনেকের ফরম পূরণ বাকি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি সোমবার সন্ধ্যায় বলেন, “আমরা খবর পেয়েছি বেশ কিছু প্রাইভেট পরীক্ষার্থীর ফরম পূরণ বাকি আছে। ঢাকা বোর্ডে প্রাইভেট পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বোর্ডের থেকে তুলনামূলক বেশি। তাই শুধু এ বোর্ডের পরীক্ষার্থীদের জন্য আরও দুই দিন বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে।”
এর আগে প্রথম দফায় বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধের সুযোগ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। দ্বিতীয় দফায় ২৩ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ দেওয়া হয়।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে এ ফি দিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে দিতে হবে ২ হাজার ৪৩৫ টাকা। আর বর্ধিত সময়ে ফরম পূরণ করতে এর বাইরে আরও ১০০ টাকা বিলম্ব ফি পরিশোধ করতে হবে পরীক্ষার্থীদের।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হচ্ছে। ৮ অগাস্ট পর্যন্ত চলবে তত্তীয় পরীক্ষা। ১৫ অগাস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।