১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেশের ‘সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি’ জলবায়ু সংকট: পরিবেশ উপদেষ্টা

“বিভ্রান্তিকর তথ্য একটি মনস্তাত্ত্বিক অস্ত্র—এটি মোকাবিলায় চাই সত্য, আস্থা এবং তথ্যভিত্তিক সচেতনতা,” বলেন তিনি।

দেশের ‘সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি’ জলবায়ু সংকট: পরিবেশ উপদেষ্টা
ঢাকার মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 06:03 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

বাংলাদেশের ‘সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে জলবায়ু সংকটের কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

বুধবার ঢাকার মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকা দেশের এক-তৃতীয়াংশ ভূখণ্ডকে ডুবিয়ে দিতে পারে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা রিজওয়ানা হাসান সেমিনারে জানিয়েছেন যুক্তরাজ্য বাংলাদেশকে স্যাটেলাইটভিত্তিক তথ্য ও প্রশিক্ষণ সহায়তা দিতে প্রস্তুত।

তিনি বলেন, এখন প্রয়োজন সেই তথ্য বিশ্লেষণের সক্ষমতা গড়ে তোলা এবং তা সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া।

“জাতীয় নিরাপত্তা এখন কেবল অস্ত্রের ওপর নির্ভর করে না, এটি জনমতের ওপর অনেকাংশে নির্ভরশীল। জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভ্রান্তিকর তথ্য একটি মনস্তাত্ত্বিক অস্ত্র—এটি মোকাবিলায় চাই সত্য, আস্থা এবং তথ্যভিত্তিক সচেতনতা।

“তথ্য যদি গোপন রাখা হয়, সত্য যদি দমন করা হয়, তাহলে আমরা টেকসই উন্নয়ন ও নিরাপত্তা—দুটোই হারাব। এই আলোচনার মাধ্যমে আমরা যেন একটি তথ্যভিত্তিক, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার পথে আরও একধাপ এগিয়ে যেতে পারি।”