প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি, ফের দায়িত্বে সরওয়ার আলম
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এক সাক্ষাৎকারে বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় তার প্রেস দপ্তরের সবাইকে বাদ দেওয়া হয়। এরপর থেকে প্রেস দপ্তরে কেউ ছিলেন না।
এক বছরের বেশি সময় পর আবার প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি। এ দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা মো. সরওয়ার আলমকে; যাকে অন্তর্বর্তী সরকার এ দায়িত্ব দেওয়ার কিছুদিন পর বাদও দিয়েছিল।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে এক বছর মেয়াদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ দিয়েছে।
সরওয়ার আলম সচিব হিসেবে তিন বছর আগে অবসরে গিয়েছিলেন। পরে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে তাকে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। পরে আবার সেই নিয়োগ বাতিল করা হয়।
বছর খানেকের বেশি সময় ধরে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে কেউ দায়িত্বে ছিলেন না। পুরো প্রেস দপ্তরেই কেউ ছিলেন না বলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দৈনিক সংবাদপত্র কালের কণ্ঠে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন।
সোমবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তার প্রেস দপ্তরের সবাইকে বাদ দেওয়া হয়। এরপর থেকে প্রেস দপ্তরে কেউ ছিলেন না।
ওই সাক্ষাৎকারে একটি ঘটনার উদাহরণ দিয়ে রাষ্ট্রপতি বলেন, “একবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে জেতার পর পুরো কমিটির সদস্যরা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন। আমি সাংবাদিকবান্ধব মানুষ হিসেবে তাঁদের সঙ্গে দেখা করি। খুবই সাধারণ একটা সাক্ষাৎ ছিল। আমাদের মধ্যে সামান্য কথাবার্তা হয়েছিল, তারপর ফটোসেশন হয়।
“ওই ঘটনা পরদিন কয়েকটি পত্রিকায় প্রকাশ হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং তা স্বাভাবিকভাবে নেয়নি। জোর করে উনারা খুঁজতে থাকল যে বঙ্গভবনের প্রেস উইংয়ের কে এই কাজটা করেছে।
“আসলে প্রেস উইংয়ের কেউ তো এই কাজ করেনি। আমি নিজেই সাংবাদিকদের চিঠি পেয়ে তাঁদের আসতে বলেছিলাম। কিন্তু তারা অত্যন্ত নির্লজ্জভাবে তিনটা মানুষকে এখান থেকে অপসারণ করে নিয়ে গেল।
“প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি-তিনজনকেই নিয়ে গেল। পুরো উইংটাই প্রত্যাহার করে নিয়ে গেল।”
রাষ্ট্রপতি ডিআরইউয়ের নির্বাচিত যে কমিটির কথা বলেছেন সেটি ছিল সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বাধীন কমিটি। তারা ২০২৫ সালের ১৯ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান।
ওই সময় রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্বে ছিলেন সরওয়ার আলম।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার তাকেই আবার এ দায়িত্বে ফিরিয়ে আনল।
বিসিএস ৮৪ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা সরওয়ার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ প্রেস সচিব ছিলেন।
মঙ্গলবারের প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে রাষ্ট্রপতির প্রেস সচিব থাকবেন সরওয়ার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা ও কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
‘বঞ্চিত’ এ কর্মকর্তা ২০২২ সালের ফেব্রুয়ারিতে অবসরোত্তর ছুটিতে যান এবং অবসরে যান ২০২৩ সালে।
ফেনীতে জন্মগ্রহণকারী এ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতকোত্তর করেন।
