ভারত গেলেন আইজিপি
ইন্টারপোলের এক সম্মেলনে যোগ দিতে পুলিশ প্রধানের এই সফর।
ইন্টারপোলের এক সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে ভারত গেলেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
পুলিশ প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। এই সফরে তিনি চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
পুলিশ সদর দপ্তর জানায়, আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলন হবে ভারতের নয়া দিল্লিতে। তাতে যোগ দিতে সোমবার দুপুরে ভারতের উদ্দেশে রওনা হন আল-মামুন।
১৮ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত এই সম্মেলন চলবে। এতে ইন্টারপোলের ১৯৫টি দেশের পুলিশ প্রতিনিধিরা বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, সন্ত্রাসবাদ, মানি লন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, ফাইনান্সিয়াল ক্রাইম, পর্নগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানিসহ নানা অপরাধসংক্রান্ত ডেটা ম্যানেজমেন্ট বিষয়ক নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন।
সম্মেলনে আন্তরাষ্ট্রীয় অপরাধ শনাক্ত ও দমন, পারস্পরিক সহযোগিতা এবং পুলিশের সক্ষমতা বাড়ানোসহ চলমান ও ভবিষ্যতে উদ্ভূত নানা পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মতবিনিময় হবে।
বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের সিবিআই প্রধানসহ বিভিন্ন দেশের পুলিশ প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।
