১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধানসহ ৯ জন মাদক মামলায় কারাগারে

আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদনের শুনানি চেয়েছেন সোমবার। এজন্য আদালত সেদিনই শুনানির দিন নির্ধারণ করে দিয়েছে, বলছে প্রসিকিউশন পুলিশ।

ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধানসহ ৯ জন মাদক মামলায় কারাগারে
.

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2025, 06:44 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার নয়জনকে মাদকের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। 

ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান শনিবার এ আদেশ দেন।

কারাগারে যাওয়া বাকি আসামিরা হলেন—রাকিবুল ইসলাম রাফি, সাদিকুল ইসলাম সুমন, তৌফিকুল ইসলাম, রিফাত হাসান, রবিউল হাসান, মিনহাজুর রহমান তাজবীর, মেহেদী হাসান ও সাইমুম ইসলাম।

শুক্রবার রাত আড়াইটার দিকে গুলশানের বারিধারার নেক্সাস ক্যাফে প্লেস নামক একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়। সেখান থেকে ৬ দশমিক ৭ কেজি সীসা উদ্ধারের দাবিও জানায় পুলিশ। পরে গুলশান থানার এসআই মাহমুদুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হাবিবুর রহমান।

প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন বলেন, “আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে শুনানি চেয়েছেন সোমবার। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে সোমবার জামিন শুনানির দিন নির্ধারণ করেন।”

সেলিম প্রধান ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান। এ গ্রুপের অধীনে ‘পি২৪ গেইমিং’ নামের একটি কোম্পানি আছে, যারা ওয়েবসাইটে ঘোষণা দিয়ে ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনোর কারবার চালিয়ে আসছিল।

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর তার রাজধানীর গুলশান-বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়েছিল র‌্যাব। ওই অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

ওই বাসায় দুটি হরিণের চামড়া পাওয়ায় সেলিম প্রধানকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রা পাচার প্রতিরোধ আইনে দুটি মামলা করে র‌্যাব। আর দুদক পরে অবৈধ সম্পদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে। দুদকের ওই মামলায় তার ৮ বছরের কারাদণ্ড হয়েছে।

দীর্ঘ চার বছর কারাগারে থাকার পর ২০২৩ সালের অক্টোবরে জামিনে মুক্তি পান সেলিম প্রধান।

কয়েক মাস বাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় শেষ পর্যন্ত তার প্রার্থিতা বাতিল হয়ে যায়।

পটপরিবর্তনের পর গত জুনে আত্মপ্রকাশ করা বাংলাদেশ রিপাবলিক পার্টি-বিআরপির প্রধান উপদেষ্টা হন সেলিম প্রধান।