Published : 19 Jan 2026, 05:29 PM
ঘুষ লেনদেন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় পার্টির নেতা মো. মশিউর রহমান রাঙ্গা ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ লেনদেন এবং ওই অর্থ স্থানান্তর ও নগদায়নের অভিযোগে এ মামলা করা হবে।
সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য দিয়েছেন।
মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্বেও ছিলেন তিনি। অন্যদিকে পনির উদ্দিন আহমেদ ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য।
পনির উদ্দিন আহমেদ ‘মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরি’ ও ‘হক স্পেশালের’ (পরিবহন ব্যবসা) স্বত্বাধিকারী।
দুদকের অভিযোগ, ২০১৮ সালের ৩০ অক্টোবর ইসলামী ব্যাংকের কুড়িগ্রাম শাখা থেকে রংপুর শাখায় ২০ লাখ টাকা স্থানান্তর করা হয়। পরে সোনালী ব্যাংকের কুড়িগ্রাম শাখা থেকে সংসদ ভবন শাখার একটি হিসাবে কয়েক দফায় আরও অর্থ জমা দেওয়া হয়।
দুদকের ভাষ্য, ২০১৮ সালের ১১ নভেম্বর ২৫ লাখ টাকা করে দুই দফায় মোট ৫০ লাখ টাকা, ১৯ নভেম্বর ৫০ লাখ টাকা, ২২ নভেম্বর ৪০ লাখ টাকা এবং ২৫ নভেম্বর ১০ লাখ টাকা নগদ জমা দেওয়া হয়।
এভাবে মোট ১ কোটি ৫০ লাখ টাকা নগদে জমা ও ক্যাশ করা হয়। অন্যান্য লেনদেনসহ সব মিলিয়ে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ হিসেবে লেনদেনের প্রমাণ পাওয়ার কথা বলেছে দুদক।
দুদক জানায়, দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬৫ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী মামলা হবে।
রাঙ্গার সম্পদের উৎস যাচাইয়ে তার নামে থাকা সম্পদের বিবরণী জমার নোটিস জারির সুপারিশ করা হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক।