Published : 17 Feb 2026, 02:06 PM
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ত্রয়োদশ সংসদের প্রধানমন্ত্রী তারেক রহামানের মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন কি না, সেই আলোচনা চলছে।
মঙ্গলবার সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নিয়ে নাটকীয়তার মধ্যেই খলিলকে টেকনোক্র্যাট মন্ত্রী করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমে প্রচার শুরু হয়। তিনি পররাষ্ট্র মন্ত্রী হচ্ছেন বলেও খবর প্রকাশ করে কয়েকটি সংবাদমাধ্যম।
এ বিষয়ে কথা বলতে ফোন করা হলে খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনই এ নিয়ে কথা বলা ঠিক নয়।”
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন কিনা–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রীদের শপথের সময় বিকাল সাড়ে ৪টায় এ বিষয়ে কথা বলা ঠিক হবে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের তিনি মাসের মাথায় ২০২৪ সালের ১৯ নভেম্বর সাবেক কূটনীতিক খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত ‘হাই রিপ্রেজেন্টেটিভের’ দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘে বিভিন্ন দায়িত্ব পালন করা পররাষ্ট্র ক্যাডারের সাবেক এই কর্মকর্তা ২০০১ সালে তৃতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ডিগ্রিধারী খলিলুর ১৯৭৮-৭৯ সালে আমেরিকান এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ব্যাংকে নির্বাহী পদে চাকরিরত ছিলেন। প্রথম বিসিএসের মাধ্যমে ১৯৭৯ সালে তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।
১৯৮০-৮৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ও আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি করেন।
পেশাদার কূটনীতিক খলিলুর ১৯৯১ সালে জেনিভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে দায়িত্ব পালন করেন। পরের ২৫ বছর জেনিভা ও নিউ ইয়র্কে জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।
ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনকালে উপদেষ্টার মর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পেয়ে আসছিলেন।
পরে গত বছরের ১০ এপ্রিল তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয়। তখন তার পদবি হয় ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’।