Published : 23 May 2026, 09:06 PM
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মুক্তিযোদ্ধা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার ছেলে আফতাব ইউসূফ রাজ জানিয়েছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক এই সদস্যের জানাজা ও দাফন বলে পরে জানানো হবে, বলেছেন রাজ।
তবে রাতে ইউসুফ হোসেন হুমায়ুনের চেম্বারের আইনজীবী আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদ আসর ধানমন্ডি তাকওয়া মসজিদে তার জানাজা হয়েছে। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা হবে।
তিনি বলেন, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ইউসুফ হুমায়ুনকে দাফনের বিষয়ে আলোচনা চলছে, তার পরিবারের সম্মতি পেলে তাকে সেখানেই দাফন করা হবে।
সাবেক এই এমপি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও বরিশাল জেলা আইনজীবী সমিতির একাধিকবারের নির্বাচিত সভাপতি ছিলেন।
এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম আইনজীবী ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন।
মৃত্যুকালে তিনি দুই পুত্র, কন্যা, স্ত্রী রেখে গেছে বলে তার রাজনৈতিক ও পেশাগত সহকর্মী শ ম রেজাউল করিম ফেইসবুক পোস্টে লিখেছেন।
ইউসুফ হোসেন হুমায়ুনের জন্ম ১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলা সদর উপজেলায়। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।