Published : 16 May 2026, 10:08 PM
ঢাকার শাহ আলী মাজারে হামলার ঘটনাকে বিগত অন্তর্বর্তী সরকারের সময় শুরু হওয়া সহিংসতার ধারাবাহিকতা হিসেবে মূল্যায়ন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটি হামলার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
শনিবার এক বিবৃতিতে টিআইবি বলেছে, “মাজারে আক্রমণ বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের মূল চেতনা ও অভিষ্টের পরিপন্থী।”
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “এই নির্লজ্জ ও কাপুরুষোচিত আক্রমণ অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের লোকজ ঐতিহ্যের পরিপন্থী শক্তির উত্থান ও দেশব্যাপী বহুমত, বহুধর্মী, সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর সহিংস ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা।
“এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। বরং সুপরিকল্পিতভাবে বিদ্বেষ ও হিংসা ছড়িয়ে আবহমান বাঙালীর উদারনৈতিক লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যময় চর্চার ক্ষেত্র ও মাধ্যমসমূহ ধ্বংস করে সাম্প্রদায়িক শক্তিকে বিকশিত করার সুদূরপ্রসারী ছকের অংশ, যা মুক্তচিন্তা ও সহিষ্ণু আচরণের ধারক ও বাহক তথা সকল দেশবাসীর জন্য অশনিসংকেত।’
বৃহস্পতিবার রাতে মিরপুরের শাহ আলী মাজারে হামলা হয়। ওরশ চলাকালে হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে মারধর শুরু করে বলে অভিযোগ স্থানীয়দের।
হামলার শিকার জিয়ারতকারী কয়েকজন বলছেন, হামলাকারীরা 'জামায়াত শিবিরের' লোক। তবে জামায়াতে ইসলামী সেই অভিযোগ অস্বীকার করেছে।
হামলায় রাজনৈতিক সংশ্লিতার বিষয়ে টিআইবির বিবৃতিতে বলা হয়,“বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ শুধু প্রত্যখ্যান যথেষ্ট নয়, বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের মূল চেতনার পাশাপাশি এদেশের চিরায়ত সাংস্কৃতিক, আধ্যাতিক ও সামাজিক বৈচিত্র্যের সহাবস্থানের যে গৌরবোজ্জ্বল সংস্কৃতি রয়েছে, এ ব্যাপারে তাদের ও ধর্মভিত্তিক অন্যান্য রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই।”