১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আগারগাঁওয়ে ‘ব্লকেড’: সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাতিল

নিরাপত্তাজনিত কারণে বৈঠকটি বাতিল করা হয়ে থাকতে পারে বলে সিইসির একান্ত সচিব মনে করছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2025, 02:52 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচির কারণে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠকটি বাতিল করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৃহস্পতিবার দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক ছিল।

কিন্তু শিক্ষার্থীরা শেরেবাংলা নগর থানা এলাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশপাশের সড়ক অবরোধ করায় বৈঠকটি বাতিল করার কথা জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব আশ্রাফুল আলম।

তিনি বলেন, “পূর্ব নির্ধারিত এই বৈঠকটি বাতিল করা হয়েছে। (মার্কিন) দূতাবাসের পক্ষ থেকে এটা জানানো হয়েছে।”

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণে বৈঠকটি বাতিল করা হয়ে থাকতে পারে বলে সিইসির একান্ত সচিব মনে করছেন।

তিন দফা দাবিতে এদিন বেলা সাড়ে ১১টার দিকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’ ব্যানারে আগারগাঁও মোড় ‘ব্লকেড’ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।