Published : 04 May 2026, 01:08 PM
'দুর্নীতি কমিয়ে' সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
তিনি বলেন, "একটা বড় বাধা হচ্ছে কাঠামোগত দিক থেকে যে উন্নয়ন বাজেট যেটা, যেটা পাবলিক এক্সপেন্ডিচার, সেইটার আসলে যথাযথভাবে এই বাস্তবায়নটা হয় না। এবং সেক্ষেত্রে কোয়ালিটিরও নানা জায়গা থাকে, অনেক দুর্নীতি কিংবা লিকেজ থাকে।
"সেইসব ক্ষেত্রে কিভাবে উন্নতিটা আনা যায়। অর্থাৎ যা উন্নয়ন বাজেট হবে, সেই উন্নয়ন বাজেটকে সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে, গুণগত মান বজায় রেখে, দুর্নীতি কমিয়ে এই সব প্রকল্পগুলো বাস্তবায়ন কিভাবে করা যায়, তার জন্য প্রাতিষ্ঠানিকভাবে যোগ্য ব্যবস্থা তৈরি করা যায়, সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে।"
সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাকি কথা বলছিলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ দিনের অধিবেশনে অর্থ ও পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

সাকি বলেন, "এবং এই আলোচনা ডিসি মহোদয়ের জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সবাই এই বিষয়ে কথা তুলেছেন যে এই প্রকল্প বাস্তবায়নের সমস্যাগুলো কি কি। মূল্যায়ন পরিবীক্ষণ যে বিভাগ আছে, সেটা আসলে জেলা পর্যায়ের কাঠামো দরকার, সেইসব বিষয় নিয়ে এখানে কথা বলেছেন।"
সরকারের পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে কর্মসংস্থানকে 'সবচেয়ে বড় গুরুত্ব' দেওয়ার কথা তিনি বলেন।
সাকির ভাষ্য, "সবচেয়ে বড় গুরুত্বের জায়গা হচ্ছে কর্মসংস্থান কিভাবে তৈরি করছে প্রকল্পগুলো। কর্মসংস্থান যেহেতু এই সরকারের ১ কোটি কর্মসংস্থান তৈরির একটা নির্বাচনি লক্ষ্য হিসেবে দেওয়া হয়েছে, প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে ওইটা প্রধান বিবেচনা থাকছে যে কর্মসংস্থানের ক্ষেত্রে তার ভূমিকাটা কি।
"এবং অবশ্যই প্রত্যেকটি প্রকল্পে পরিবেশ, পরিবেশগত কত গুরুত্ব থাকবে, এবং সেই বিবেচনার ভিত্তিতেই প্রকল্পগুলো তৈরি করা হবে।"
তিনি বলেন, “এই সব বিবেচনার মধ্য দিয়ে বৈষম্য কমানো, অন্তর্ভুক্তিমূলক, অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা এবং এটাকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে নিয়ে যাওয়া, তার জন্য যে এডিপি বাস্তবায়নের যে দক্ষতা এবং কার্যকারিতা, সেটা বৃদ্ধি করা। মূলত এগুলো নিয়ে আলোচনা হয়েছে।"
অর্থমন্ত্রী দেশের বাইরে থাকায় তিনি বা তার মন্ত্রণালয়ের কোনো বিভাগ বা প্রতিষ্ঠান সম্পৃক্ত কেউ সংবাদ সম্মেলনে আসেননি।