১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চিকিৎসা কেবল ট্যাবলেট দেওয়া নয়, ভালো কথাও বড় চিকিৎসা: স্বাস্থ্যমন্ত্রী

“একজন ডাক্তারের হাসিমুখ এবং সহমর্মিতাপূর্ণ আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়,” বলেন মন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 05:05 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, মানুষের চিকিৎসা কেবল ট্যাবলেট বা ওষুধ দেওয়া নয়, ভালো কথা ও সঠিক পরামর্শও বড় চিকিৎসা।

“একজন রোগী যখন বিছানায় কাতর হয়ে থাকেন, তখন ডাক্তার যা বলেন, তাই করেন রোগী। চিকিৎসকদের নিজেদের এমন মানবিক মানুষে রূপান্তর করতে হবে, যা কেবল ওষুধ নয়, আচরণ দিয়েও রোগীকে সুস্থ করে তোলে।’’

বৃহস্পতিবার সকালে ঢাকার মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “একজন ডাক্তারের হাসিমুখ এবং সহমর্মিতাপূর্ণ আচরণ রোগীকে অর্ধেক সুস্থ করে দেয়। চিকিৎসকই পারে রোগীকে সুস্থ করে তুলতে। অসুস্থ অসহায় মানুষের শেষ সম্বল হয় ডাক্তার।

“শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়। শুধু রোগ নিরাময় নয়, বরং রোগ প্রতিরোধের দিকে মনোযোগ দিতে হবে। এর জন্য একদম শূন্য বয়স থেকে উদ্ভাবনী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

নিপসমের ২০২৫-২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ক্যানসার ও কিডনি রোগী বাড়ার কথা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করে সাখাওয়াত হোসেন বলেন, “দেশে মারাত্মকভাবে বেড়েছে কিডনি ও ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা। কিডনি ও ক্যানসারের রোগীদের ভয়াবহ কষ্ট সহ্য করতে হয়। কষ্টের সীমা নেই।”

তিনি বলেন, “শুধু ব্রিজ বা রাস্তাঘাট নির্মাণ করে ভোট চাওয়ার রাজনৈতিক যুগ পার হয়ে গেছে। মানুষের প্রয়োজনীয় বিষয় নিয়ে কাজ করতে হবে এবং জনগণের চাহিদার আলোকে দেশকে গড়ে তুলতে হবে। সেইসঙ্গে গ্রামীণ মানুষের স্বাস্থ্যের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গবেষণা ও সচেতনতামূলক কাজ চালাতে হবে।

নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এম এম জিয়াউদ্দিন হায়দার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।