১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গণপূর্তের এক উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর

তার বিরুদ্ধে একটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 08:18 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

পাবনার রূপপুরের গ্রিনসিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী খন্দকার মো. আহসানুল হককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে ওই প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন প্রস্তুতের সঙ্গে সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগের প্রমাণ পাওয়ার কথা বলেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

একই সঙ্গে বিভাগীয় তদন্তে আহসানুল হকের অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ার কথা বলা হয়েছে সোমবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।

আহসানুলকে রোববার অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহসানুল হক রাজশাহী গণপূর্ত সার্কেলে কর্মরত থাকার সময় রূপপুর গ্রিনসিটি প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী কেনা এবং ভবনে ওঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি সামনে আসে। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনে প্রকল্পের কাজে অস্বাভাবিক ব্যয়ের প্রমাণ পাওয়া যায়।