স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশে বারণ
শ্রদ্ধা জানানোর সময় ফুল বাগানের কোনো ক্ষতি না করতে অনুরোধ জানানো হয়েছে।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৩ থেকে ২৫ মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
শুক্রবার এক তথ্যবিবরণীতে বলা হয়, স্বাধীনতা দিবসের ভোরে আমন্ত্রিত অতিথিদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এদিকে দিবসটি উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের তোরণ, পোস্টার, ব্যানার, ফেস্টুন না টানাতে পৃথক বিবরণীতে অনুরোধ জানানো হয়েছে।
আরেক তথ্যবিবরণীতে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর সময় ফুল বাগানের কোনো ক্ষতি না করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তেইশ বছরের শোষণ থেকে বাঙালির মুক্তির আন্দোলনের শ্বাসরোধ করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালরাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় গণহত্যা।
২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী ইপিআরের বেতারে তার এই ঘোষণা প্রচারিত হয়।
এরপর নয় মাসের যুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মদান, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং জাতির অসামান্য ত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
