১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সচিবালয়ে যাওয়ার আগে প্রেসক্লাবে নতুন তথ্যমন্ত্রী

“একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই প্রেসক্লাব আমার ছাত্রজীবন থেকে সেকেন্ড হোম। ডালপুরি খেয়ে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করতাম।”

সচিবালয়ে যাওয়ার আগে প্রেসক্লাবে নতুন তথ্যমন্ত্রী
জাতীয় প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 03:52 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

শপথ নেওয়ার পর সচিবালয় নিজের মন্ত্রালয়ের যাওয়ার আগেই জাতীয় প্রেসক্লাবের এলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

বুধবার দুপুর ১টায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে সঙ্গে নিয়ে তিনি জাতীয় প্রেসক্লাবে পৌঁছান। প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ তাদের স্বাগত জানান। পরে মন্ত্রী টিভি রুমে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, সহসভাপতি কেএম মহসিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি বাছির জামাল, জাতীয় প্রেস ক্লাবের সদস্য কাজী রওনাক হোসেন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, “আমি সব সময় সাংবাদিকদের সাথে আছি, থাকব। আমি খুবই সৌভাগ্যবান, আপনারা সবাই পরিচিত। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই প্রেসক্লাব আমার ছাত্রজীবন থেকে সেকেন্ড হোম। ডালপুরি খেয়ে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করতাম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার সচিবালয়ে গেলে তথ্য সচিব মাহবুবা ফারজানা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার সচিবালয়ে গেলে তথ্য সচিব মাহবুবা ফারজানা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

“দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি জানি না, দায়িত্ব নিয়ে আমাকে আসতে হবে বা আপনাদের সঙ্গে কাজ করতে হবে। এখন একটা দায়-দায়িত্বের মধ্যে আমি যুক্ত হয়েছি। আমি খুব ভালো করেই জানি যে, সাংবাদিক সমাজের সমস্যার সমাধান না হলে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না।”

তিনি বলেন, “সেই সমস্যার সমাধানটি এই মন্ত্রণালয়ের এবং আমাদের নেতা তারেক রহমানের যে পরিকল্পনা, তার মধ্যে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা আছে, সেই আলোকে আমাদের কর্মকৌশল–কর্ম পরিকল্পনা আপনাদের সামনে হাজির করব।

“তার আগে আমরা সাংবাদিকমহলসহ সকল অংশীদারদের সঙ্গে আমরা ধৈর্যের সাথে মতবিনিময় করব।”

পরে তথ্যমন্ত্রী সচিবালয়ে নিজের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ে যান। মন্ত্রণালয়ে পৌঁছালে তথ্য সচিব মাহবুবা ফারজানা নতুন তথ্য মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে মন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি হন।