১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৌদি রাষ্ট্রদূতের কাছে হজের খরচ কমানোর দাবি বিমানমন্ত্রীর

এ লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত জাফর এইচ বিন আবিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2026, 05:00 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

বাংলাদেশিদের জন্য হজের খরচ কমানোর জন্য সৌদি আরব সরকারের কাছে দাবি জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন ঢাকায় সৌদি রাষ্ট্রদূত জাফর এইচ বিন আবিয়া।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুরে সচিবালয়ে বিমানমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। 

এ সময় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো ‘সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে’ সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ গুরুত্ব আরোপ করে।

এছাড়া পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, “বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমানোর লক্ষ্যে সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট সংক্রান্ত কর ও চার্জ হ্রাস করা হলে তা এ দেশের বিপুলসংখ্যক হজযাত্রীর জন্য উল্লেখযোগ্যভাবে উপকারী হবে।”

এ বিষয়ে তিনি সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রত্যয় জানান।

বৈঠকে উপস্থিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, “বাংলাদেশের হজযাত্রীদের জন্য আবাসনের ক্যাটাগরি–ডি সুবিধা না থাকায় প্রতি যাত্রীর আবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।”

তিনি বাংলাদেশি হজযাত্রীদের স্বার্থে ‘ক্যাটেগরি–ডি’ পুনর্বহালের জন্য সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মানোন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে তাদের সরকার আন্তরিক। এ লক্ষ্যে তিনি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও উদ্যোগ গ্রহণে কাজ করবেন বলে আশ্বাস দেন।