১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে নয় দিনের সফরে স্বরাষ্ট্র সচিব

দুই দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সফরটি ‘গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’ বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে।

পাকিস্তানে নয় দিনের সফরে স্বরাষ্ট্র সচিব
বুধবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিনিয়র সচিব নাসিমুল গনিকে অভ্যর্থনা জানানো হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 06:49 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

‘দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের’ লক্ষ্য নিয়ে নয় দিনের সফরে পাকিস্তান গেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সেখানে বলা হয়, বিমানবন্দরে পৌঁছালে তাকে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব দাউদ মুহাম্মদ বারেচ এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. ইকবাল হোসেন খান স্বাগত জানান।

তার এই সফরে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে দুই দেশের পুলিশ অ্যাকাডেমির সহযোগিতা বৃদ্ধি, রোহিঙ্গা বিষয়ে উভয় দেশের সহাবস্থান নিয়ে আলোচনা হবে। এছাড়া মাদক চোরাচালান প্রতিরোধে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র সচিব ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশন এবং করাচিতে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করবেন। তিনি পাকিস্তানের ‘সেইফ সিটি প্রকল্প’, পাকিস্তান পুলিশ একাডেমি, অভিবাসন ও পাসপোর্ট অফিস পরিদর্শন করবেন।

সফর শেষে আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে নাসিমুল গনির।

দুই দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সফরটি ‘গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’ বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে।