মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
কবর জিয়ারত শেষে বিএনপির চেয়ারম্যান তার গুলশান কার্যালয়ে সাংগঠনিক সভায় যোগ দেন।
রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।
প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংসদ ভবন থেকে শেরে বাংলা নগরে সমাধিস্থলে আসেন। সেখানে উনার বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।”
কবর জিয়ারতের আগে কিছু সময় একা নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
জিয়ারত শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার গুলশান কার্যালয়ে যান। সেখানে মাগরিবের নামাজ পড়ে সাংগঠনিক সভায় যোগ দেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের নেতাদের সঙ্গে গুলশান কার্যালয়ে বৈঠক করেন তিনি। এসময় দলের নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।
বৈঠকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিভিন্ন নির্দেশনা দেন তারেক রহমান।
