১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়াকে নিয়ে কবিতায় স্মৃতিকাতর জায়মা

তাদের একান্ত মুহূর্তটি ধরে রাখা হয়েছে ক্যামেরায়; তবে ছবিটি কবেকার, সেই তথ্য নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2026, 08:58 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

কমলা রঙের শাড়ির সঙ্গে গায়ে হলুদ শাল জড়িয়ে চেয়ারে বসে খালেদা জিয়া, অপলক তাকিয়ে আছেন নাতনি জায়মা রহমানের দিকে।

জায়মা তার সঙ্গে গল্পে মশগুল, উল্টো দিকের চেয়ারে বসে দাদিকে হাত নেড়ে নেড়ে কিছু বলছেন।

তাদের পাশে আরও দুটি চেয়ার, তবে খালি। কালো টেবিলে শোভা পাচ্ছে একগুচ্ছ ফুল, দুটি কাপ। বোঝা যায়, নাতনির সঙ্গে ‘চা আড্ডায়’ মেতেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাদের এই একান্ত মুহূর্তটি ধরে রাখা হয়েছে ক্যামেরায়।

ছবিটি কবেকার, সেই তথ্য নেই। তবে দাদি খালেদা জিয়ার প্রস্থানের দুদিন পর এ ছবি ফেইসবুকে দিয়েছেন স্মৃতিকাতর জায়মা। সঙ্গে জুড়ে দিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা ‘বিদায়-বেলায়’।

নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় ফেইসবুকে ওই ছবি পোস্ট করেছেন জায়মা রহমান। এর আগের দিন বুধবার খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে। দাদির বিদায় বেলার সেই আনুষ্ঠানিকতায় ছিলেন জায়মা রহমান।

প্রায় দেড় যুগ লন্ডনে বাবা তারেক রহমানের সঙ্গে নির্বাসিত জীবন কাটানোর পর ২৫ ডিসেম্বের বাবা-মায়ের সঙ্গে দেশে ফেরেন জায়মা, পাঁচদিন পরই দাদিকে হারান।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হারিয়ে শোকাহত তার পরিবারের সদস্য, স্বজন ও দলের নেতাকর্মীরা। তার প্রয়াণে দ্বিতীয় দিনের মত রাষ্ট্রীয় শোক চলছে।