মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প: রাশেদুলদের ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সুষ্ঠু তদন্তের স্বার্থে এ আবেদন করেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আখতারুল ইসলাম জানান, সংস্থার তরফে অনুসন্ধানকারী কর্মকর্তা রাসেল রনি এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
এতে বলা হয়, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (অষ্টম পর্যায়) সাবেক প্রকল্প পরিচালকের পিএ, ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম এবং স্বার্থ সংশ্লিষ্টরা প্রকল্পের ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা নিজ ব্যাংক হিসাবে সরিয়ে ফেলেছেন বলে অভিযোগ আছে। অনুসন্ধানকালে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্টরা তাদের ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা জরুরি।
