১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকার এখনই অনলাইন ক্লাসের চিন্তা করছে না: শিক্ষা প্রতিমন্ত্রী

“সিদ্ধান্ত আসবে কেবিনেট থেকে; সে জায়গায় সবশেষ যে আলোচনা, আমরা অনলাইনের দিকে যাচ্ছি না,” বলেন ববি হাজ্জাজ।

সরকার এখনই অনলাইন ক্লাসের চিন্তা করছে না: শিক্ষা প্রতিমন্ত্রী
ছবি: ভিডিও থেকে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 06:15 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

সরকার এই মুহূর্তে অনলাইনে পাঠদানের কথা চিন্তা করছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার  সকালে ঢাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের  সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমাদের সরকার খুব গুরুত্বের সঙ্গে শিক্ষাঙ্গন দেখছে। এনার্জি ক্রাইসিসের জন্য কী হতে পারে, কী হওয়া উচিত, এটা শুধু আমার মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় থেকে আসবে না, এটা আসবে কেবিনেট থেকে; প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সে জায়গায় সবশেষ যে আলোচনা, আমরা অনলাইনের দিকে যাচ্ছি না।

“এ নিয়ে শিক্ষামন্ত্রী যেটা বলেছেন, মানে শিক্ষা মন্ত্রণালয় কী কী চিন্তা করছে, সেটা তিনি স্পষ্ট করেছেন।”

প্রতিমন্ত্রী বলেন, “আপনাদের এখন জানাতে পারি, অনলাইন সেভাবে চিন্তা করছি না; কেবিনেটে অনলাইন বড়ভাবে চিন্তা হচ্ছে না।”

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সাশ্রয় করতে দেশের মহানগরী এলাকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদানের পাশাপাশি, অনলাইনেও ক্লাস নেওয়ার বিষয়ে ভাবছিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে রোববার সাংবাদিকদের বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালু করা হবে কী না সে বিষয়ে সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই নেওয়া হবে।

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন যে, অংশীদারদের সঙ্গে কথা বলে আলোচনা সাপেক্ষে অনলাইন-অফলাইন কীভাবে এটাকে সিস্টেমটিক ডিস্ট্রিবিউশন করা যায়, সে ব্যাপারে। আমরা এখনও অংশীদারদের সঙ্গে বসতে পারি নাই; কাল-পরশু বসে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা ক্যাবিনেটকে জানাব। তারপর ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে।”

আরো পড়ুন

'হাইব্রিড সূচিতেক্লাস চালুর সিদ্ধান্ত এ সপ্তাহেইশিক্ষামন্ত্রী