১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন সাংবাদিক ফয়েজ

বৃহস্পতিবার তার নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2024, 03:28 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

ইংরেজি দৈনিক নিউ এজ’র বিশেষ প্রতিনিধি ফয়েজ আহম্মদকে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, “ফয়েজ আহম্মদকে যোগদানের তারিখ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে ৫ম গ্রেডভুক্ত স্কেলের সর্বোচ্চ ধাপ ৬৯ হাজার ৮৫০ টাকা (নির্ধারিত) বেতনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিবের শূন্য পদের বিপরীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ে ‘সিনিয়র সহকারী প্রেস সচিব’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।”

সামাজিক মাধ্যমে ‘আহম্মদ ফয়েজ’ হিসেবে পরিচিতি এই সাংবাদিক দেড় দশক আগে ঢাকার বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর সাংবাদিকতা পেশায় সক্রিয় হন। 

তিনি দুর্নীতি বিষয়ক সাংবাদিকদের পেশাজীবী সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশানের নেতৃত্ব দিয়েছেন। 

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে প্রেস সচিবের দায়িত্বে রয়েছেন এএফপির সাবেক ঢাকা ব্যুরো প্রধান মোহাম্মদ শফিকুল আলম। এছাড়া বহরে উপ প্রেস সচিব হিসাবে রয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

সহকারী প্রেস সচিব হিসাবে রয়েছেন তথ্য ক্যাডারের কর্মকর্তা আশরোফা ইমদাদ, সাংবাদিক সুচিস্মিতা তিথি ও নাঈম আলী।