Published : 08 Feb 2026, 10:15 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার এক মাসের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ৬১ জেলায় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে উর্ত্তীন হয়েছেন ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী।
রোববার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন রাত ১০টা ৫ মিনিটে ফল প্রকাশের তথ্য দেন।
দেশজুড়ে ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী গত ৯ জানুয়ারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন প্রার্থী। এ পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২১ জানুয়ারি। যাতে উত্তীর্ণ হন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হয় ২৮ জানুয়ারি; যা চলে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
ফল দেখুন এখানে
এবার প্রথম ধাপে ২০২৫ সালের ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিদ্যালয়গুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
দ্বিতীয় ধাপে ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।
বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন। ৯ জানুয়ারির লিখিত পরীক্ষায় ‘অসদুপায় অবলম্বন’ ও ‘ডিভাইস ব্যবহারের’ অভিযোগে দুই শতাধিক প্রার্থী বহিষ্কার হলে এ পরীক্ষা বাতিলের দাবি ওঠে।
পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগগুলো ‘গোয়েন্দা সংস্থার’ কাছে পাঠায়। সেই সংস্থা তদন্ত শেষে অভিযোগের সত্যতা পায়নি বলে প্রতিবেদন দেয়। এরপর ২১ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।