১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেরাণীগঞ্জে গ্যাস লাইটারের পোড়া কারখানায় মিলল আরেক লাশ

শনিবার দুপুরে লাগা এ আগুনে নিহতের সংখ্যা দাঁড়াল ছয়জনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 12:51 AM

Updated : 26 Aug 2026, 03:18 PM

ঢাকার কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় পোড়া গ্যাস লাইটার কারখানা থেকে আরেকজনের লাশ উদ্ধারের তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার রাত সোয়া ১২ টার দিকে ওই কারখানার ধ্বংসস্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

এর আগে বিকাল পর্যন্ত কারখানাটি থেকে ৫ জনের লাশ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস। আরেকজনের লাশ উদ্ধারের ফলে নিহতের সংখ্যা দাঁড়াল ৬ জনে।

তবে পুড়ে যাওয়ায় লাশগুলো নারী না পুরুষের, সেটিও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে টিনশেডের ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে এনে প্রথমে পাঁচ জনের লাশ পান ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিকাল পৌনে ৫টায় আগুন পুরোপুরি নেভানোর পরেও উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়। এরমধ্যে মধ্যরাতে ঘটনাস্থল থেকে আরেকটি লাশ উদ্ধার হলো।

আরো পড়ুন

কেরাণীগঞ্জে গ্যাস লাইটারের পোড়া কারখানায় মিলল ৫ লাশ