Published : 10 Sep 2026, 04:46 PM
ঢাকার মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন একদল পরিবহন শ্রমিক।
তাদের অবরোধের ফলে সৃষ্ট যানজট মহাখালীর পাশাপাশি বনানী, গুলশান, তেজগাঁও ও সাতরাস্তা পর্যন্ত গিয়ে ঠেকেছে।
মহাখালী এলাকায় কর্তব্যরত পুলিশের সার্জেন্ট বেলাল হোসেন বলেন, “মহাখালী টার্মিনালের সামনে দুই পাশ বন্ধ করে রেখেছেন শ্রমিকরা। এ কারণে পুরো এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।”
তবে তাদের দাবি-দাওয়ার বিষয়ে তাৎক্ষণিক জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।
সম্প্রতি মহাখালীতে অলস পড়ে থাকা বাস পূর্বাচলে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে পুলিশ। এ নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে।
সেই অসন্তোষ থেকে সড়ক অবরোধে নামার কথা বলেছেন পরিবহন শ্রমিকরা।
নিজেকে বাসচালক পরিচয় দিয়ে কামরুল হাসান নামে এক বাসচালক বলেন, “টার্মিনালের বাইরে গাড়ি পাইলেই পুলিশ ডাম্পিং করতেছে, রেকার বিল ধরিয়ে দিচ্ছে।”
তার ভাষ্য, পূর্বাচলে যেখানে তাদের বাস রাখতে বলা হচ্ছে, সেখানে যথাযথ নিরাপত্তা নেই।
“গাড়ির ব্যাটারি পর্যন্ত চোর নিয়ে যাচ্ছে। আমরা এ হয়রানি থেকে মুক্তি চাই। এসবের সুরাহা না হলে আমরা অবরোধ সরাব না।”
বাসচালকরা সড়কের ওপর আড়াআড়ি কয়েকটি বাস রেখে যান চলাচল বন্ধ করে দিয়েছেন।
সেখানে পুলিশের অতিরিক্ত কমিশনারের পদত্যাগ, ডাম্পিং, জরিমানা, পুলিশের হয়রানিসহ বিভিন্ন বিষয়ে শ্রমিকদের স্লোগান দিতে শোনা গেছে।