Published : 24 Mar 2026, 09:07 PM
জুলাই গণঅভ্যুত্থানে ‘শহীদদের’ সন্তান ও আহত কিংবা পঙ্গুত্ববরণকারী ‘শিক্ষার্থীদের’ বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
রোজার ঈদের ছুটি শেষে মঙ্গলবার শিক্ষা শিক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ নির্দেশ দেন বলে মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মন্ত্রণালয় বলছে, বিএনপির নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাখাতে আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এছাড়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা প্রদান, বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী ঋণ সুবিধা এবং হাফেজদের সম্মান ও স্বীকৃতি দেওয়ার বিষয়েও মন্ত্রী গুরুত্বারোপ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের জট দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। প্রয়োজনে একাধিক শিফটে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে দ্রুত সব শিক্ষকের প্রশিক্ষণ নিশ্চিত করার কথা বলেন।
“সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা বিতরণ করা হবে এবং অল্প সময়ের মধ্যেই সারা দেশের সব প্রাথমিক শিক্ষার্থীকে এ সুবিধার আওতায় আনা হবে।
“পাশাপাশি এক বছরের মধ্যে প্রাথমিক, কারিগরি, মাদ্রাসা ও স্কুল-কলেজের সকল শিক্ষকের হাতে ট্যাব সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।”