Published : 03 Nov 2025, 05:57 PM
বিয়ারিং প্যাড খসে পথচারীর মৃত্যুর পেছনে মেট্রো লাইনের ‘নকশার ত্রুটি’ থেকে শুরু করে ‘নানা ধরনের’ কারণ থাকতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ।
সোমবার সকালে সংবাদ সম্মেলনে এসে তিনি এমন পর্যবেক্ষণ তুলে ধরেন।
ফারুক আহমেদ বলেন, “গত বছরের দুর্ঘটনার পর আমরা ফিজিক্যালি এবং ড্রোনের মাধ্যমে ইন্সপেকশন করেছি। দুই মাস আগে আবারও পরীক্ষা করা হয়েছে।”
সবশেষ দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে তিনি বলেন, “নকশায় ভুল থাকতে পারে। নিম্নমানের উপকরণ ব্যবহার বা কাজ ঠিকঠাক বুঝে না নেওয়াসহ নানা কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে, যা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।
"ঠিকাদারি প্রতিষ্ঠান যথাযথভাবে কাজ না করার আশঙ্কা থাকতে পারে। বুঝে নেওয়ার দায়িত্ব ছিল কনসালটেন্সি প্রতিষ্ঠানের, তাদের দক্ষতার ঘাটতি থেকে থাকতে পারে। লাইন-১ প্রকল্পে বর্তমানে পরিচালক নেই, তবে দ্রুত চার-পাঁচজন পরিচালক নিয়োগ দেওয়া হবে।”
তিনি বলেন, “মেট্রো আমাদেরই করতে হবে। আমরা চাই স্মার্ট ফাইন্যান্সিংয়ের মাধ্যমে স্থানীয়দের গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে নিতে। ইনভেস্টরের সঙ্গে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ আছে। আমাকে ৫০ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে, সেখানে আমি অনেকটাই অসহায়। নতুন প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে।"
তিনি বলেন, “রাজনৈতিক দলসহ যারা পিলারে পোস্টার লাগাচ্ছেন, তাদের সরে আসার আহ্বান জানাই। ফিজিক্যাল ক্র্যাকগুলো এসবের নিচে থাকলে বোঝা যায় না। আমাদের খরচ অনুযায়ী এটি বিশ্বের সেরা মেট্রো হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতা অন্যরকম। যারা কাজ বুঝে নিয়েছে কিংবা দিয়েছে, অনিয়ম পেলে অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।"
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, "এই অর্থ জীবনের মূল্য হিসেবে নয়, তাৎক্ষণিক সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। ইনসিডেন্টের পরপরই আমরা ঘটনাস্থলে যাই এবং হাসপাতাল থেকে জানাজা পর্যন্ত সব ব্যবস্থাই ডিএমটিসিএল ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়েছে। এরপর উপদেষ্টা স্যার মিনিস্ট্রি থেকে তাৎক্ষণিকভাবে কিছু সাহায্য দিয়েছেন। এটি ক্ষতিপূরণ নয়, তাৎক্ষণিক সহায়তা।
"নিহতের পরিবারের দীর্ঘমেয়াদি সহযোগিতার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। নিহতের স্ত্রীর সঙ্গে বৈঠক করে তার যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর তাকে নিয়োগ দেওয়া হবে।"
ডিএমটিসিএল এমডি বলেন, "নিহতের স্ত্রীর স্নাতক সম্পন্ন করতে আরও ছয় মাস সময় লাগবে। ডিগ্রি সম্পন্ন হলে তার যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগও রাখা হয়েছে।"