Published : 27 May 2026, 09:12 PM
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচনা তৈরি করা মহিষ ‘ডনাল্ড ট্রাম্প’ কোরবানি হচ্ছে না।
বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যমুনা টেলিভিশনকে বলেছেন, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান বিডিনিউজকে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহিষটিকে কেরাণীগঞ্জ থেকে ফেরত পাঠানোর কথা বলেছেন।

রাতে জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছেন, ‘ডনাল্ড ট্রাম্প’কে চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত হয়েছে। মহিষটিকে সেখানে নেওয়া হচ্ছে।
দশমাস ধরে নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালিত-পালিত হয়েছে রাজশাহী সিটি হাট থেকে কেনা বিরল অ্যালবিনো প্রজাতির এ মহিষটি।
চুলের ধরণ ও মুখের অবয়ব মিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো দেখতে হওয়ায় মহিষটির নাম রাখা হয়েছিল ‘ডনাল্ড ট্রাম্প’।
‘ডনাল্ড ট্রাম্প’কে কোরবানির জন্য সোমবার ঢাকার কেরাণীগঞ্জে ক্রেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
গোলাপি আভার শরীরে নীল মখমলের আলখাল্লা জড়িয়ে, ফুলের পাপড়ি ছিটিয়ে, রঙিন ধোঁয়া উড়িয়ে এবং লাল গালিচা হাঁটিয়ে বিদায় দেওয়া হয় মহিষটিকে।
প্রাণীটির ভিডিও ও ছবি বিভিন্ন মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে পড়ার পরে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমেও তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
তবে তার আগেই কোরবানির জন্য প্রস্তুত করা এ পশুটি বুকিং দিয়ে রেখেছিলেন ঢাকার কেরাণীগঞ্জের জিঞ্জিরা এলাকার এক বাসিন্দা।

ঈদ ঘনিয়ে আসায় সোমবার তিনি দাম পরিশোধ করে পশুটি নিয়ে যান বলে জানান রাবেয়া অ্যাগ্রো ফার্মের সত্ত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা।
তিনি বলেন, প্রতি কেজি ৫৫০ টাকা ধরে লাইভ ওয়েট পদ্ধতিতে ৭০০ কেজি ওজনের মহিষটি ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
ক্রেতা মোহাম্মদ সামির বলেন, মহিষটি পৌঁছার পর তার এলাকার মানুষজনও ‘ডনাল্ড ট্রাম্পকে’ একনজর দেখার জন্য ভিড় করছেন।
কেরাণীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয় থেকে বলা হয়েছে জিঞ্জিরায় বিরল একটি মহিষ আছে, সেটা সংরক্ষণ করতে হবে।
“আমরা প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাদের বুঝিয়ে দিয়েছি। তারা এখন চিড়িখানায় নিয়ে যাবে।”