Published : 19 Oct 2025, 07:16 PM
ঢাকার মৌচাকের ফরচুন শপিংমলের একটি জুয়েলারি দোকানে বোরকা পরে হানা দিয়ে স্বর্ণালংকার চুরির ঘটনায় করা মামলায় এক নারীসহ তিন আসামির দুই দিনের রিমান্ড হয়েছে।
রোববার ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া শুনানি নিয়ে রিমান্ডের আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-অনিতা রায়, নুরুল ইসলাম ও উত্তম কুমর সুর।
গত ৯ অক্টোবর ভোরে ফরচুন শপিংমলের শম্পা জুয়েলার্স নামের দোকানে চুরির ঘটনার সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, বোরকা পরা দুই ব্যক্তি শাটারের তালা কেটে দোকানে ঢুকছেন।
দোকান মালিক অচিন্ত্য কুমার বিশ্বাসের ভাষ্য, দোকান থেকে মোট ‘৫০০ ভরি স্বর্ণালংকার’ চুরি করে নিয়েছে বোরকা পরা ওই চোর চক্রের সদস্যরা।
বৃহস্পতিবার অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তারের তথ্য দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
তাদের মধ্যে রিমান্ডে যাওয়া তিনজনের বাইরে শাহিন মাতাব্বর ওরফে সাহিদ ওরফে শাহিন (৪৬) নামে একজন রয়েছে।
শুক্রবার শাহিন নামে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছে।
একই দিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের লালবাগ জোনের এসআই কৃষ্ণ কুমার দাস তিন আসামির তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রোববার ধার্য করেন।
এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, রিমান্ডের পক্ষে-বিপক্ষে শুনানির পর আদালত প্রত্যেকের দুইদিনের রিমান্ডের আদেশ দিয়েছে।
স্বর্ণ চুরির ঘটনায় গত ৯ অক্টোবর শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রমনা মডেল থানায় মামলা করেন।
মামলার বিবরণীতে বলা হয়েছে, প্রতিদিনের মতো ৮ অক্টোবর রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি ও তার কর্মচারীরা বাসায় যান। পরদিন সকাল সাড়ে ৬টার দিকে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখেন দোকানে কোনো স্বর্ণালংকার নেই।
তার দাবি, দোকানে ৫০০ ভরি স্বর্ণালংকার ছিল, এর মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব স্বর্ণালংকার। আর ১০০ ভরি বন্ধকী স্বর্ণালংকার।
আগের খবর:
বোরকা পরে জুয়েলারি দোকানে হানা, '৫০০ ভরি' স্বর্ণালংকার চুরি