১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এইচএসসির ফল বৃহস্পতিবার, মিলবে অনলাইন-এসএমএসে

শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে।

এইচএসসির ফল বৃহস্পতিবার, মিলবে অনলাইন-এসএমএসে
এইচএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার ঢাকার বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের নোটিস বোর্ডে নিজের আসন খুঁজছেন এক পরিক্ষার্থী। ছবি: মাহমুদ জামান অভি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 02:33 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

আগামী বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। 

এদিন সকাল দশটায় শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

সোমবার দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার ফল প্রকাশের চূড়ান্ত অনুমোদন শিক্ষা মন্ত্রণালয় থেকে পেয়েছি। এদিন সকাল দশটায় ফল প্রকাশ করা হবে। 

"এসএসসি ও সমমান পরীক্ষার ফলের মত খুব বেশি আনুষ্ঠানিকতা ছাড়াই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশ করবে।"

গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিকতায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অন্তর্ভুক্ত ছিলেন না। 

গত ২৬ জুন থেকে শুরু হওয়া এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয় ১৯ অগাস্ট। এ পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন।

এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৯ অগাস্ট। ২১ থেকে ৩১ অগাস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে। ১৯ অক্টোবর লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। 

গত বৃহস্পতিবার ঢাকা বোর্ড আয়োজিত এক সভায় ১৬ অক্টোবর ফল প্রকাশের বিষয়ে একমত হয়েছিলেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা।

এদিকে ঢাকা বোর্ডের পক্ষ থেকে সোমবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  ১৬ অক্টোবর সকাল ১০ টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।

বোর্ড জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।

সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করে স্ব স্ব প্রতিষ্ঠান রেজাল্ট শিট করতে পারবে।

পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ও শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd  এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।

বোর্ড আরও বলছে, নির্ধারিত শর্ট কোড ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল পাওয়া যাবে।

শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না।

ঢাকা বোর্ড বলছে, ১৭ থেকে ২৩ অক্টোবর  https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।