Published : 27 Apr 2026, 12:43 PM
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর চিকিৎসা শেষে দেলোয়ার হত্যা মামলায় আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
সোমবার এ আবেদন করেন তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন। এ বিষয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শুনানি হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
চিকিৎসা শেষে এদিন মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এরপর তিন কারণ দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।
আবেদনে বলা হয়, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গত ১২ এপ্রিল দুপুর ২টার দিকে আসামি অসুস্থবোধ করলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে বিভিন্ন শারীরিক পরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা গ্রহণ শেষে ২৭ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে।
তদন্ত কর্মকর্তা আবেদনে বলেছেন, জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্ত কাজে সহায়ক হচ্ছে। তার দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করার জন্য তার সাত দিনের রিমান্ডের প্রয়োজন।
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গত ২৩ মার্চ অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। পরদিন এ মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
গত ২৯ মার্চ দ্বিতীয় দফায় ৬ দিন এবং ৪ এপ্রিল তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।
এরপর ৭ এপ্রিল জুলাই আন্দোলনকালে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে চার দিনের রিমান্ডে পায় পুলিশ। ১১ এপ্রিল তার আরও চার দিনের রিমান্ডের আদেশ হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী। এসময় আসামির নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত বছরের ৬ জুলাই দেলোয়ারের স্ত্রী মিরপুর মডেল থানায় মামলা করেন।