১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুড়িগঙ্গায় ট্রলারডুবি, নিখোঁজ দুজন সাঁতরে উঠেছে অন্য পাড়ে

ট্রলারের ১০ আরোহীর মধ্যে আটজনকে উদ্ধার করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 02:27 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

ঢাকার সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ দুজনের সন্ধান মিলেছে। তারা নদীর অন্য পাড়ে সাঁতরে উঠেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এক বার্তায় জানিয়েছেন, ওই দুজনের কাছে মোবাইল ফোন ছিল না।

“পরবর্তীতে তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে জানালে, ট্রলারের মালিক তাদের সন্ধানের বিষয়টি নিশ্চিত করেন।”

অন্য কোন নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিস স্টেশনে ফিরে গেছে বলেও জানিয়েছেন আনোয়ারুল ইসলাম।

রোববার সকাল সাড়ে ৯ টার দিকে শ্যামবাজার এলাকায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটে।

আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বরিশাল থেকে ছেড়ে ঢাকায় আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়।

নতুন ট্রলারটি ঢাকায় বানিয়ে কুমিল্লা নেওয়া হচ্ছিল বলে জানিয়েছিলেন তিনি।

আনোয়ারুলের ভাষ্য, ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজন উদ্ধার হলেও দুজন নিখোঁজ হন।

ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করে নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট কাজ করছে বলেও জানিয়েছিলেন আনোয়ারুলের।

উদ্ধার কাজের মধ্যেই ওই দুজনের সন্ধান পাওয়ার তথ্য জানালো ফায়ার সার্ভিস।

আর পড়ুন-

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিনিখোঁজ ২