Published : 08 Mar 2026, 04:58 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা হওয়ার পর ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
ওই দুটি আসনে বিএনপির দুই পরাজিত প্রার্থীর আবেদনের শুনানি করে বিচারপতি মো. জাকির হোসেনের একক হাই কোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক এবং ঢাকা-৪ আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন মামলা দুটি করেছেন। তাদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের সাক্ষ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপনের পরে মাননীয় বিচারপতি এই দুটি নির্বাচনি পিটিশন শুনানির জন্য গ্রহণ করেছেন এবং শুনানির পরবর্তী তারিখ ৮ জুন নির্ধারণ করেছেন।
"মামলার প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যারা বিজয়ী ঘোষিত হয়েছেন, তাদের জন্য নোটিস জারি হয়েছে। ৮ জুনের মধ্যে তাদের জবাব দিতে হবে।”
এ আইনজীবী বলেন, “প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনকে আদালত নির্দেশ দিয়েছেন, এই দুটি নির্বাচনি এলাকার প্রত্যেকটা ভোটের মেটেরিয়াল অর্থাৎ ব্যালট বাক্স, মুড়ি থেকে শুরু করে বাক্স সমস্ত যা ছিল সবকিছু সুরক্ষিত রাখতে হবে।”
এবারের নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আব্দুল বাতেন; আর ঢাকা-৪ আসনে জামায়াতের সৈয়দ জিয়াউল আবেদিন।
রুহুল কুদ্দুস কাজল বলেন, “আদালত নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ দিয়েছে যেন অবিলম্বে এই নোটিস সরবরাহ করা হয় এবং প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনকে অবহিত করা হয়।
"এখানে আমরা আরেকটি কথা বলতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও আমাদের এই পিটিশনগুলোর মধ্যে অভিযোগ আছে যে তারাও বিজয়ী ঘোষিত প্রার্থীদেরকে সহযোগিতা করেছেন এবং সেটার সাক্ষ্য প্রমাণ আমরা দিয়েছি।
“আমরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি যে, একজন প্রিজাইডিং কর্মকর্তা, তিনি নিজে ব্যালটে সিল মারছেন এমন তথ্য এমন সাক্ষ্য আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি।"