আসিফ ও মাহফুজের সম্মানে উপদেষ্টা পরিষদের ভোজ
প্রধান উপদেষ্টার কাছে বুধবার পদত্যাগপত্র জমা দেন এই দুই উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের বিদায়ী দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্মানে উপদেষ্টা পরিষদে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
পদত্যাগপত্র জমা দেওয়ার পর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশগ্রহণ করেন এই দুই উপদেষ্টা।
বৈঠক শেষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “পদত্যাপত্র জমা দেওয়া দুই উপদেষ্টা আজ বৈঠকে অংশ নিয়েছিলেন।
“বৈঠকে তাদের উদ্দেশে ধন্যবাদ প্রস্তাব পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।”
বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন দুই উপদেষ্টা— আসিফ ও মাহফুজ।
অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পান।
নাহিদ ইসলামকে দেওয়া হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। আসিফ মাহমুদ প্রথমে শ্রম মন্ত্রণালয় পেলেও পরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও দেওয়া হয়।
মাহফুজ আলম প্রথমে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পান। পরে গত ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।
আসিফ গণঅধিকার পরিষদ থেকে নির্বাচন করার আভাস দিলেও মাহফুজ আলম এখনও মুখ খোলেননি।
